সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার এড়াতে দুই তরুণকে কামড়ে আহত করার খবর পাওয়া গেছে। ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর হাত থেকে বাঁচতে গিয়ে এক গাঁজাসেবী স্থানীয় দুই তরুণকে কামড়ে রক্তাক্ত করে পালানোর চেষ্টা চালান। শেষ পর্যন্ত তাকে একটি ১৫ ফুট উঁচু পরিপক্ব গাঁজার গাছ ও সেবনের সরঞ্জামসহ গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মনজু আলম (৫৫)। তিনি ওই ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে। বুধবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চর খলিশাকুড়ি এলাকায় যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মনজু আলমের বসতবাড়ির আঙ্গিনায় রোপণ করা ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ দেখতে পান বিজিবি ও পুলিশের সদস্যরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত মনজু।
অভিযানস্থলে থাকা রাতুল (২১) ও পারভেজ (২২) নামে স্থানীয় দুই তরুণ তাকে আটকের চেষ্টা করলে মনজু তাদের হাতে সজোরে কামড় বসিয়ে রক্তাক্ত করে দেন। তবে শেষ রক্ষা হয়নি; সেখানে উপস্থিত পুলিশ ও বিজিবি সদস্যরা তাকে তাৎক্ষণিক ধরে ফেলেন এবং বিপুল পরিমাণ গাঁজা খাওয়ার সরঞ্জামসহ তাকে আটক করেন।
অভিযানে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার ফরিদুল ইসলাম নেতৃত্ব দেন।
ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সীমান্তবর্তী এসব এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশ ও বিজিবির এই ধরনের যৌথ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.