-তৌহিদুল ইসলাম সরকার
সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে এবং অভিযোগ-প্রতিকার ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করতে অনলাইনে গণশুনানির উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী নিয়মিত গণশুনানি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তবে সেবাপ্রার্থীদের যাতায়াতের সময়, ব্যয় ও ভোগান্তি কমাতে এবার অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গণশুনানির আয়োজন করা হয়েছে।
আগামী ২২ জুলাই (বুধবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই গণশুনানি অনুষ্ঠিত হবে। জেলার বিভিন্ন উপজেলার নাগরিকরা নিজ নিজ উপজেলা ডিজিটাল সেন্টার কিংবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে জেলা প্রশাসকের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে তাদের অভিযোগ, সমস্যা ও পরামর্শ তুলে ধরতে পারবেন।
গণশুনানিতে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট আগে সংশ্লিষ্ট ডিজিটাল সেন্টারে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া কোনো লিখিত অভিযোগ বা আবেদন থাকলে তা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক সোহানা নাসরিন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জেলার সর্বস্তরের জনগণকে অনলাইন গণশুনানিতে অংশ নিয়ে নিজেদের সমস্যা ও মতামত তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।
প্রশাসনের এ উদ্যোগের ফলে জনগণের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ আরও জোরদার হবে এবং দ্রুত সমস্যা সমাধানের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.