সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লী তালুয়াপাড়া হামিদিয়া আলিম মাদ্রাসায় কোনো নিয়োগ না হলেও অধ্যক্ষের বিরুদ্ধে ‘নিয়োগ বাণিজ্য’, গোপন নিয়োগ, পাঠদানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে করা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মাদ্রাসার সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে।
সোমবার ১৩ জুলাই মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, গত ৮ জুলাই ‘এলাকাবাসীর’ ব্যানারে একটি মহল মাদ্রাসার বিরুদ্ধে গোপন নিয়োগ, পাঠদানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করে। তবে অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত করা এবং নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নানা অপপ্রচার চালিয়ে আসছে। অথচ প্রতিষ্ঠানে কোনো গোপন নিয়োগ হয়নি এবং নিয়মিত পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে।
মানববন্ধনে আইসিটি প্রভাষক মোছা. শরিফা আক্তার ও জীববিজ্ঞানের সহকারী শিক্ষক মাহমুদা খানম বলেন, ‘মাদ্রাসার নিয়মিত পাঠদান এবং প্রশাসনিক কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে। আমাদের বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
আরবি প্রভাষক মাওলানা মো. আতিফুল আরেফিন ও ইসলামের ইতিহাসের সহকারী অধ্যাপক মো. জোবায়ের খন্দকার বলেন, ‘ঐতিহ্যবাহী এই ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করতেই একটি মহল অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
মাদ্রাসার জমিদাতা মো. হোসেন আলী বলেন, ‘মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নষ্ট করতে একটি মহল ষড়যন্ত্র করছে। এ ধরনের মিথ্যাচারের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।’
শিক্ষার্থীদের পক্ষে অষ্টম শ্রেণির ছাত্রী মোছা. মাক্তুবা বলেন, ‘আমাদের মাদ্রাসায় নিয়মিত ক্লাস হয় এবং শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পাঠদান করেন। পাঠদানে অনিয়মের অভিযোগের কোনো ভিত্তি নেই।’
সমাপনী বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ মো. খলিলুর রহমান বলেন, ‘রাজমাল্লী তালুয়াপাড়া হামিদিয়া আলিম মাদ্রাসা সব নিয়মনীতি অনুসরণ করেই পরিচালিত হচ্ছে। যারা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে,তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.