--তৌহিদুল ইসলাম সরকার,
বাবা নেই, তবুও আজও কাঁদে মন,
স্মৃতির উঠোন জুড়ে বাজে বিষণ্ন ক্ষণ।
সকাল আসে, সন্ধ্যা নামে আপন নিয়মে,
শুধু বাবা নেই আর আগের মতো ঘরের সীমানে।
যখন ছোট ছিলাম, হাতটি ধরে নিয়ে,
শিখিয়েছো জীবনপথ সাহস বুকে দিয়ে।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, কত কষ্ট সয়ে,
সন্তানের সুখের জন্য ছিলে সদা রয়ে।
আজও কোনো বিপদ এলে মনে পড়ে যায়,
বাবার সেই আশ্বাসভরা কথাগুলো হায়।
মনে হয়, একবার যদি পাশে এসে দাঁড়াতে,
সব দুঃখ-কষ্ট মুহূর্তেই যেত হারাতে।
বটগাছের ছায়ার মতো ছিলে মাথার উপর,
তোমার ভালোবাসা ছিল সীমাহীন, অগাধ, সুদূর।
আজ সেই ছায়াহীন পথে হেঁটে যাই একা,
চোখের কোণে জমে থাকে অশ্রুর নীরব রেখা।
হে বাবা, তুমি নেই, তবুও আছো হৃদয়জুড়ে,
প্রার্থনা হয়ে, ভালোবাসা হয়ে, প্রতিটি সুরে।
রবের দরবারে করি শুধু এই প্রার্থনা,
জান্নাত হোক তোমার চিরশান্তির ঠিকানা।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.