মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:
আগামী ১৬ আগস্ট ২০২৬ জাতীয় মৎস্য দিবস উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কটিয়াদী সফরকে সামনে রেখে সম্ভাব্য অনুষ্ঠানস্থল ও বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।
শুক্রবার দিনব্যাপী পরিদর্শন দলে ছিলেন মৎস্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এস. এম. রেজাউল করিম, ঢাকা বিভাগের পরিচালক মো. আহসান হাসিব খান, কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউসার, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শফিকুর রহমান বাদল, যুগ্ম সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মিটু, শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুরর রহমান খলিলসহ উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে সম্ভাব্য মূল অনুষ্ঠানস্থল হিসেবে কটিয়াদী সরকারি কলেজ মাঠ, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, আচমিতা জর্জ ইনস্টিটিউট খেলার মাঠসহ কয়েকটি স্থান ঘুরে দেখা হয়। নিরাপত্তা, জনসমাগম, অবকাঠামো ও সার্বিক আয়োজনের বিষয়গুলো গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির জন্য সম্ভাব্য উন্মুক্ত জলাশয়ও পরিদর্শন করা হয়। এ সময় কটিয়াদী উপজেলা পরিষদ সংলগ্ন পুকুর, করগাঁও ইউনিয়নের হাওরের উন্মুক্ত জলাশয়, মসুয়া ইউনিয়নের বেতাল দিঘি, ব্রহ্মপুত্র-আড়িয়ালখাঁ নদীর মোহনাসহ কয়েকটি স্থান ঘুরে দেখা হয়। একই দিনে পরিদর্শন দল চারিপাড়া সরকারি মৎস্য হ্যাচারিও পরিদর্শন করেন। সেখানে হ্যাচারির উৎপাদন কার্যক্রম, পোনা উৎপাদনের সক্ষমতা, অবকাঠামো এবং জাতীয় মৎস্য দিবস উপলক্ষে সম্ভাব্য কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তারা।
জানা গেছে, জাতীয় মৎস্য দিবসের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মৎস্য খাতের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন এবং সারা দেশের ৫ হাজার শ্রেষ্ঠ মৎস্যচাষীর মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করবেন। একই সঙ্গে তিনি উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করবেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, আমরা ভেন্যু ও উন্মুক্ত জলাশয় পরিদর্শন করেছি। মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি দল ঢাকায় গিয়ে সিদ্ধান্ত জানাবেন।
জাতীয় মৎস্য দিবসের কেন্দ্রীয় আয়োজন কটিয়াদীতে সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কটিয়াদীর মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। অনুষ্ঠানটি যাতে সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য দিবসের উদ্বোধন করবেন। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের ৫ হাজার শ্রেষ্ঠ মৎস্যচাষীর মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান এবং উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচি রয়েছে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে সামনে রেখে প্রশাসন, কটিয়াদীতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, মৎস্য অধিদপ্তর এবং স্থানীয় সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি শুরু করেছে। অনুষ্ঠানকে ঘিরে কটিয়াদীজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.