কিশোরগঞ্জের- হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নকে মাদকমুক্ত করার আহ্বান জানিয়ে ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূইয়া হিমেল। শুক্রবার জুমার নামাজের পর তিনি ঘোষণা দেন, গোবিন্দপুর ইউনিয়নের কোনো মাদকসেবী বা মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এলে তিনি ব্যক্তিগত উদ্যোগে তার তিন মাসের সম্পূর্ণ ভরণ-পোষণের দায়িত্ব গ্রহণ করবেন।
এ বিষয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও একটি পোস্ট দেন হিমেল। সেখানে তিনি লেখেন, “গোবিন্দপুর ইউনিয়নের যে কোনো মাদকসেবী বা মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় মাদক ছেড়ে ভালো পথে ফিরে এলে আমি ব্যক্তিগতভাবে তার তিন মাসের সব ধরনের ভরণ-পোষণের দায়িত্ব নেব, ইনশাআল্লাহ।”
তার এ ঘোষণার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে মাদকমুক্ত সমাজ গঠনে একটি মানবিক ও ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। তাদের মতে, শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসনে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে সচেতন মহলের মতে, শুধু আর্থিক সহায়তা নয়, মাদকাসক্তদের স্থায়ীভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চিকিৎসা, নিয়মিত কাউন্সেলিং, কর্মসংস্থানের সুযোগ এবং সামাজিক পুনর্বাসনের ব্যবস্থাও নিশ্চিত করা প্রয়োজন।
তাদের অভিমত, প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগেই মাদক নিয়ন্ত্রণ এবং মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.