গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
স্বামীকে বেঁধে রেখে ঘর থেকে স্ত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় মামলা করেও নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার। আসামিপক্ষের হুমকির মুখে বসতভিটা ছেড়ে অন্য গ্রামে আশ্রয় নিয়েছেন তারা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
বুধবার (১ জুলাই) দুপুরে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার কুরচাই বকুলতলা বাজারের ত্রিমোহনী-ডাকবাংলো সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের আয়োজনে কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গণধর্ষণের ঘটনায় মামলা করার পর থেকেই ভুক্তভোগীর পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ ও হুমকি দেওয়া হচ্ছে। আসামিদের ভয়ভীতির কারণে পরিবারটি নিজ বাড়িতে থাকতে পারছে না। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা বলেন, অভিযুক্ত ধর্ষক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
এ সময় বক্তব্য রাখেন নাইম সরকার, মাওলানা মোস্তফা, মনোয়ারা বেগম ও ফাতেমা আক্তারসহ অনেকে।
ভুক্তভোগী নারীর মা ও মামলার বাদী বলেন, “মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষের লোকজন হুমকি দিচ্ছে। আমার নাতিকে হত্যার হুমকিসহ নানা ধরনের ভয় দেখানো হচ্ছে। বাধ্য হয়ে বাড়ি ছেড়ে প্রায় ৫ কিলোমিটার দূরে টাংগাব গ্রামে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছি।”
উল্লেখ্য, গত ১৭ জুন বুধবার গভীর রাতে উপজেলার কুরচাই গ্রামে ৭/৮ জন মুখ বাঁধা দুর্বৃত্ত ঘরে ঢুকে স্বামীর হাত-পা বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে যায়। পরে বাড়ি থেকে প্রায় দেড়শ মিটার দূরে নিয়ে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ১৭ জুন রাতে পাগলা থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ এ পর্যন্ত মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.