তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার:
‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা।
এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম লিটনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ জানান, চলতি আমন মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এ বিশেষ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি জানান, এ কর্মসূচির আওতায় সরিষাবাড়ী উপজেলার মোট ২ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে কৃষি উপকরণ দেওয়া হবে। প্রত্যেক কৃষক পাবেন ৫ কেজি উন্নত জাতের উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি (DAP) সার এবং ১০ কেজি এমওপি (MOP) সার।
কৃষিবিদ অনুপ সিংহ বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে এই প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকরা সঠিক নিয়মে বীজ ও সার ব্যবহার করলে চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন অর্জন সম্ভব হবে বলে আমরা আশা করছি।”
উপজেলা কৃষি বিভাগ জানায়, সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা যাচাই-বাছাই করে সরকারি এই প্রণোদনা বিতরণ করা হচ্ছে, যাতে প্রকৃত উপকারভোগীরা সরকারের সহায়তা পান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.