সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে "হয় তুমি মাদক ছাড়ো, নইলে তুমি এলাকা ছাড়ো" স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিংগার ডাবড়ীহাটে দিনব্যাপী মাদকবিরোধী গণসচেতনতামূলক প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আলোচনা সভা এবং সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ এবং কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর জান্নাত আরা।
এছাড়াও বক্তব্য দেন রাজারহাট উপজেলা মাদকবিরোধী কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুণ যদু, অ্যাডভোকেট রায়হানুল কবির, অবসরপ্রাপ্ত সরকারি অধ্যাপক জহুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মশিউর রহমান, সিংগার ডাবড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন কমিটির সদস্য সচিব আলতাফ হোসেন এবং আহ্বায়ক প্রভাষক রুম্মান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদকমুক্ত রাজারহাট গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সোচ্চার হতে হবে। সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ জোরদারের মাধ্যমে মাদকের বিরুদ্ধে চলমান এ আন্দোলন আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.