কুলিয়ারচর প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২০ কোটি ৮০ লাখ ৫৯ হাজার ৩০৮ টাকা ব্যয়ের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রাজস্ব বাজেট ধরা হয়েছে ৩ কোটি ৮৪ লাখ ৭৬ হাজার টাকা এবং উন্নয়ন বাজেট নির্ধারণ করা হয়েছে ১৬ কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৩০৮ টাকা। রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৭০৪ টাকা।
সোমবার (২৯ জুন) বিকাল ৩ টার দিকে কুলিয়ারচর পৌরসভা মিলনায়তনে পৌরসভা কর্তৃক আয়োজিত এক বাজেট সভায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার ২০২৬-২০২৭ অর্থবছরের এ প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
বাজেট সভায় উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের দ্বায়িত্বরত পৌর কাউন্সিলর ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, ৪ নম্বর ওয়ার্ডের দ্বায়িত্বরত পৌর কাউন্সিলর ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দ্বায়িত্বরত পৌর কাউন্সিলর ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের দ্বায়িত্বরত পৌর কাউন্সিলর ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী এবং ১ ও ৯ নম্বর ওয়ার্ডের দ্বায়িত্বরত পৌর কাউন্সিলর ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী মো. আবুল আহসান ভূইয়া, পৌর প্রশাসনিক কর্মকর্তা মিনহাজুল ইসলাম এবং পৌর হিসাবরক্ষক বিধান চন্দ্র দাস।
প্রস্তাবিত বাজেটের তথ্য অনুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার ৩৬৮ টাকা, বিপরীতে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৮৬ লাখ ৬২ হাজার ৫৫৫ টাকা। অন্যদিকে, সংশোধিত উন্নয়ন বাজেটে উন্নয়ন আয় নির্ধারণ করা হয়েছে ১৬ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৬০৮ টাকা।
নতুন অর্থবছরের বাজেটে পৌরসভার নিজস্ব রাজস্ব আহরণ বৃদ্ধি, সড়ক ও ড্রেনেজ অবকাঠামোর উন্নয়ন, জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সড়কবাতি স্থাপন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
সভায় পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার বলেন, বাস্তবসম্মত পরিকল্পনা ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে বাজেট বাস্তবায়ন করা হলে পৌরবাসীর নাগরিক সেবার মান আরও উন্নত হবে এবং কুলিয়ারচর পৌরসভার টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.