মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার লক্ষ্যে এক ব্যাপক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে মসূয়া ইউনিয়নের মুগদিয়া বাজারে অণুষ্ঠিত মাদকবিরোধী সচেতনতা ও আলোচনা সভায় মসূয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রতন ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই সরকার জনগণের সরকার, এই সরকার বিনা ভোটের সরকার নয়, রাতের ভোটের সরকারও নয়। জনগণের প্রত্যক্ষ সমর্থন ও ভোটে নির্বাচিত সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজ থেকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও অপরাধ নির্মূলে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, মাদক বর্তমানে দেশের অন্যতম বড় সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মাদকের কারণে পরিবার ধ্বংস হচ্ছে, তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক মূল্যবোধ নষ্ট হচ্ছে। মাদকাসক্ত একজন ব্যক্তি শুধু নিজের জীবনই ধ্বংস করে না, তার পরিবার ও সমাজকেও চরম ক্ষতির মুখে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আরও বলেন, মাদকসেবী ও মাদক কারবারি যে দলেরই হোক, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করে পার পাবে না। বিএনপির রাজনীতির সঙ্গে মাদক ব্যবসা বা মাদক সেবনের কোনো সম্পর্ক থাকতে পারে না। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারা সমাজের শত্রু। তাদের বিরুদ্ধে সামাজিক ও আইনগত প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, সরকার মাদক ও জুয়া নিয়ন্ত্রণে আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। সংসদে নতুন আইন আনার বিষয়ে আলোচনা চলছে। প্রস্তাবিত আইনে মাদকসংক্রান্ত অপরাধের জন্য ন্যূনতম দুই বছরের কারাদণ্ডের বিধান রাখা হবে। এছাড়া মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত আসামিদের জামিন না দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। প্রয়োজন হলে ডোপ টেস্টের মাধ্যমে মাদকসেবী ও মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, মাদক কারবারিরা সাধারণ মানুষের মতোই পোশাক পরে সমাজে ঘুরে বেড়ায়। তারা অনেক সময় নিজেদের পরিচয় গোপন করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যায়। তাই জনগণকে সচেতন হতে হবে। আপনারা মাদক কারবারিদের চিহ্নিত করে প্রশাসন ও জনপ্রতিনিধিদের তথ্য দিন। জনগণের সহযোগিতা ছাড়া মাদকের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করা সম্ভব নয়।পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, পবিত্র কোরআন শরীফে মাদককে হারাম ঘোষণা করেছে। তাই একজন মুসলমান হিসেবে মাদক থেকে দূরে থাকা শুধু সামাজিক দায়িত্ব নয়, ধর্মীয় দায়িত্বও বটে। তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের কেউ মাদকসেবন বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংসদ সদস্য আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে মাদকবিরোধী কমিটি গঠন করা হবে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের সভাপতি ওই কমিটির নেতৃত্ব দেবেন। এসব কমিটির মাধ্যমে এলাকায় মাদকবিরোধী প্রচারণা, সচেতনতামূলক সভা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের প্রতি আরও যত্নশীল হতে হবে। তারা কোথায় যায়, কার সঙ্গে মেশে এবং কী ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে সে বিষয়ে নিয়মিত খোঁজ রাখতে হবে। পরিবার থেকেই মাদকবিরোধী সচেতনতা শুরু করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদলসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উপস্থিত সবাইকে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয় এবং সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতায় মাদকবিরোধী গণআন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.