রেজাউল হক, কিশোরগঞ্জ:
দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের হোসেনপুরে আড়াই হাজার গাছ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
শনিবার (১৩ জুন) হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাদ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোছা. মোস্তারী কাদেরী, সহকারী প্রকৌশলী অমিত চন্দ্র দে, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন দুপুর ২টা ৫৫ মিনিটে কক্সবাজার জেলার পিএমখালির ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ‘ন্যাশনাল গ্রিন মিশন’-এর আওতায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়।
হোসেনপুরের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, “আমরা শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করতে চাই না। গাছের পরিচর্যা ও পর্যবেক্ষণ করাও আমাদের দায়িত্ব। একই সঙ্গে স্থানীয় জনগণকেও এগুলোর রক্ষণাবেক্ষণে এগিয়ে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আজ কক্সবাজার থেকে যে কর্মসূচির উদ্বোধন করেছেন, তারই অংশ হিসেবে আমাদের বরাদ্দের আড়াই হাজার বৃক্ষরোপণের কাজ শুরু করেছি। এর আগেও নিকলীর ছাতিরচরে বৃক্ষরোপণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, জেলা পরিষদের উদ্যোগে এবং জেলা পরিষদের নিজস্ব জমিতে জেলার বিভিন্ন উপজেলায় সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশগত ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই সংকট মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ এবং রোপিত গাছের যথাযথ পরিচর্যার কোনো বিকল্প নেই। পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
এ সময় অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠিতে আরও উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল আমিন উজ্জ্বল, মারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম, শাহেদল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভীনসহ অসংখ্য রাজনৈতিক নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দা।
আয়োজকদের মতে, দীর্ঘমেয়াদি এই বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের বনাঞ্চল সম্প্রসারণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। স্থানীয়রাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও ব্যাপক সবুজায়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.