সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
চরাঞ্চলের মানুষের টেকসই উন্নয়ন,পুনর্বাসন ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে ‘চর বিষয়ক পৃথক মন্ত্রণালয়’ গঠন এবং জাতীয় বাজেটে চরাঞ্চলের জন্য আলাদা ও স্থায়ী বরাদ্দের দাবি জানিয়েছে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ। একই সঙ্গে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়েছে।
সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
সংবাদ সম্মেলনে ৭দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—চর বিষয়ক পৃথক মন্ত্রণালয় গঠন, জাতীয় বাজেটে চরাঞ্চলের জন্য স্থায়ী ও পৃথক বরাদ্দ নিশ্চিত করন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন নীতিমালা প্রণয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানে বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং চরবাসীর জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় পরিকল্পনা বাস্তবায়ন।
সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু, সহ-সভাপতি অধ্যক্ষ শাহ আলম,সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক নাজমুন নাহার বিউটিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের বিস্তীর্ণ চরাঞ্চলে বসবাসকারী লাখো মানুষ এখনও শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে নানা বৈষম্যের শিকার। নদীভাঙন, প্রাকৃতিক দুর্যোগ ও অবকাঠামোগত সংকট তাদের জীবনকে আরও অনিশ্চিত করে তুলছে।
তাদের ভাষ্য, চরবাসীর দাবি কোনো অনুগ্রহ নয়, বরং এটি তাদের ন্যায্য সাংবিধানিক অধিকার। জাতীয় উন্নয়নের মূলধারায় চরাঞ্চলকে অন্তর্ভুক্ত করতে হলে এখনই কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে। অন্যথায় নদীভাঙন ও দারিদ্র্যের চক্রে আটকে থাকা চরাঞ্চলের মানুষের দুর্ভোগ আরও গভীর হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.