মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আশ্রয়’-এর ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উপলক্ষে বরেণ্যজন সম্মাননা প্রদান, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
রোববার বিকেলে আচমিতা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক সংগঠন ‘আশ্রয়’-এর সদস্য শহিদুজ্জামান শহিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুবুর রহমান বাচ্চু, মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু, শফিকুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান চন্দন, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের ২৫ বছরের কর্মকাণ্ড নিয়ে একটি সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক উপস্থাপনা করা হয়। এতে প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত সংগঠনটির বিভিন্ন মানবিক, সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম তুলে ধরা হয়। পরে এলাকার কৃতী ব্যক্তিত্ব, সমাজসেবক, শিক্ষাবিদ ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা স্মারক, উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা বলেন, ২৫ বছর আগে প্রতিষ্ঠিত ‘আশ্রয়’ সংগঠনটি সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার সুবিধাবঞ্চিত, হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করে। দীর্ঘ এই পথচলায় সংগঠনটি দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম এবং দুর্যোগকালে ত্রাণ সহায়তা প্রদানের মতো নানা মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে সংগঠনের অন্যতম ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে গাছে গাছে কলসি ও মাটির পাতিল বেঁধে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরির বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। বক্তারা বলেন, এ উদ্যোগ শুধু পরিবেশ রক্ষাই নয়, নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, একটি সমাজকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ‘আশ্রয়’ দীর্ঘ ২৫ বছর ধরে যে নিষ্ঠা, সততা ও মানবিকতার সঙ্গে মানুষের সেবা করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এ ধরনের কর্মকাণ্ডে এগিয়ে আসা উচিত। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের অবকাঠামো উন্নয়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। খাল খনন, নদী পুনরুদ্ধার, গ্রামীণ সড়ক উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হচ্ছে।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবীণ ব্যক্তিরা সংগঠনের দীর্ঘ ২৫ বছরের নানা স্মৃতি তুলে ধরেন। তারা ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করে শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণমূলক উদ্যোগ জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে কিশোরগঞ্জ একতা নাট্য গোষ্ঠীর পরিবেশনাই গীতিনাট্য মহুয়া সুন্দরী পরিবেশিত হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.