নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের পশ্চিম মাথিয়া জুম্মাবাড়ী মসজিদ সংলগ্ন একটি ব্রিজ বর্তমানে এলাকাবাসীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রিজটির দুই পাশের রেলিংয়ের বড় অংশ ভেঙে যাওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন শত শত পথচারী, শিক্ষার্থী ও বিভিন্ন যানবাহনের যাত্রীরা। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না করা হলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
শনিবার (৩০ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটির দুই পাশের রেলিংয়ের উল্লেখযোগ্য অংশ ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন স্থানে কংক্রিট খসে পড়ে ভেতরের লোহার রড বের হয়ে আছে। রডগুলো আঁকাবাঁকা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়েছে। ব্রিজের ভাঙা অংশ দিয়ে নিচের দিকে তাকালে দেখা যায় গভীর নিচু জায়গা এবং দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনার স্তূপ।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন এই সড়ক ব্যবহার করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। ছোট ছোট শিশুরা প্রায়ই ব্রিজের ভাঙা অংশ দিয়ে নিচের দিকে তাকিয়ে দেখে। এতে অসাবধানতাবশত যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা। সন্ধ্যার পর এবং রাতে ঝুঁকি আরও বেড়ে যায়।
এলাকার বাসিন্দাদের ভাষ্য, গত বছর স্থানীয় ইউসুফ আলীর এক ছেলে ব্রিজের ভাঙা অংশ দিয়ে নিচে পড়ে যায়। সৌভাগ্যক্রমে নিচে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপে আটকে যাওয়ায় সে প্রাণে বেঁচে যায়। তবে ওই ঘটনার পরও ব্রিজটি সংস্কারে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটির এমন বেহাল অবস্থা থাকলেও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা দেখা যায়নি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা নিয়মিত এই সড়ক ব্যবহার করলেও ক্ষতিগ্রস্ত ব্রিজটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি তাদের।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন ও এলজিইডি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, কোনো দুর্ঘটনা ঘটার আগেই জরুরি ভিত্তিতে ব্রিজটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক।
স্থানীয়দের মতে, মানুষের জীবন রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যথায় পশ্চিম মাথিয়ার এই ব্রিজে যেকোনো সময় ঘটতে পারে অপূরণীয় দুর্ঘটনা।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.