জামাল উদ্দিন
দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য আসন্ন ঈদুল আযহার জামাতকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
বুধবার (২৭ মে) সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী। তিনি জানান, জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা শোলাকিয়া ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলবে এবং সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
তিনি আরও জানান, ২ প্লাটুন বিজিবির নেতৃত্বে রয়েছেন (৩১ বিজিবি)-এর সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী।
এ বছর শোলাকিয়ায় অনুষ্ঠিত হবে ১৯৯তম ঈদ জামাত। জামাতে অংশ নিতে লাখো মুসল্লির সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঈদের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.