স্টাফ রিপোর্টার:
সাংগঠনিক দক্ষতা, সমাজসেবা, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড ও দীর্ঘদিনের জনসেবামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ শহীদ জিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড অর্জন করেছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মাইনুল হক মেনু।
মঙ্গলবার বিকেলে ঢাকার বাংলাদেশ শিশুকল্যাণ মিলনায়তন-এ শহীদ জিয়া কালচারাল ফোরামের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়া, সাংগঠনিক নেতৃত্বের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখা এবং মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের জন্য মাইনুল হক মেনুকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাইনুল হক মেনু দীর্ঘদিন ধরে কটিয়াদী এলাকায় সামাজিক, মানবিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। বিশেষ করে দলিল লেখক সমাজকে ঐক্যবদ্ধ রাখা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকায় একজন সুপরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।
এ সময় অতিথিরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে অতিথিবৃন্দ তাঁর হাতে শহীদ জিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড এর সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাইনুল হক মেনু বলেন, এই সম্মাননা তাঁর কাজের প্রতি আরও দায়িত্ববোধ বাড়িয়ে দেবে। তিনি ভবিষ্যতেও সমাজের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের অংশগ্রহণে এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.