স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা, নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিকা) জেলা কমিটির অর্ধবার্ষিক সভা হয়েছে। শনিবার সকালে জেলা শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে হাওরে বিপুল পরিমাণ ফসলের ক্ষয়ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। ভবিষ্যতে এ ধরনের ক্ষয়ক্ষতি কিভাবে এড়ানো যায় বা হ্রাস করা যায়, এই মর্মে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়।
জোটের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় জিকার প্রকল্প সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলম সবিস্তারে একটি ধারণাপত্র উপস্থাপন করেন। এর ওপর আলোচনা করেন জিকার সহ-সভাপতি আতিয়া হোসেন, শিক্ষক স্বপন কুমার বর্মণ, সাবেক শিক্ষক এনামুল হক চৌধুরী, অ্যাডভোকেট হামিদা বেগম, অ্যাডভোকেট শাহীনূর কলি পপি, সাংবাদিক আলম সারোয়ার টিটু, খায়রুল ইসলাম, মিজানুর রহমান রিপন, সাবেক পৌর কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী, জিকা সদস্য আইয়ুব আলী, মোবারক হোসেন প্রমুখ।
বক্তাগণ বলেন, এবারের দুর্যোগে কৃষকরা পাকা ধান বাড়ি আনতে পারেননি। যেটুকু আনতে পেরেছিলেন, সেসব ধানও অবিরাম বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। একজন শ্রমিক দিনে তিনমণ ধানের জমি কাটতে পারেন। অথচ এখন ধানের যে দাম, তাতে এই তিনমণ ধানে একজন শ্রমিকের মজুরিও হয় না। বহু কৃষক ঋণ নিয়ে চাষাবাদ করেছেন। ফলে এবার কৃষকরা পথে বসবেন বলে বক্তাগণ মন্তব্য করেছেন। সভায় দাবি জানানো হয়, কৃষকদের ভবিষ্যৎ বিপদ থেকে রক্ষার লক্ষে শস্য বীমা চালু করতে হবে, ফসল কাটার মৌসুমে শ্রমিকের সহজলভ্যতা নিশ্চিত করে যৌক্তিক মজুরি বির্ধারণ করতে হবে। হাওরের ফসল রক্ষা বাঁধগুলোর কার্যকারিতা পরীক্ষা করে এর সংস্কারে নজরদারি বৃদ্ধি করতে হবে। হাওরের খলাগুলোকে আগাম বন্যা বা অতিবর্ষণের উপযোগী করে উঁচু করতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। সোমবার এসব দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদানের সিদ্ধন্ত নেওয়া হয় সভা থেকে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.