নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে জমি নিয়ে বিরোধের সংবাদ প্রকাশের জেরে ‘মিথ্যা’ চাঁদাবাজি মামলায় দীর্ঘ ২৪ দিন ধরে কারাগারে রয়েছেন সাংবাদিক খায়রুল ইসলাম ফকির (৪০)।
একমাত্র উপার্জনক্ষম মানুষ কারাগারে থাকায় দিশেহারা হয়ে পড়েছে তাঁর পরিবার। এই পরিস্থিতিতে খায়রুলের মুক্তি ও মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর স্বজনরা।
বুধবার (০১ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিক খায়রুল ইসলামের বৃদ্ধা মা, স্ত্রী ও তিন সন্তান উপস্থিত ছিলেন। কান্নায় ভেঙে পড়ে তারা অভিযোগ করেন, স্থানীয় এক প্রভাবশালীর রোষানলে পড়ে প্রতিহিংসার শিকার হয়েছেন খায়রুল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের পোল্যান্ড প্রবাসী আসাদুজ্জামান কিরণের সঙ্গে প্রতিবেশী নজরুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে মারামারি ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ২৭ ফেব্রুয়ারি সকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ওই সংবাদের বিস্তারিত অনলাইন নিউজ পোর্টাল ‘নয়া সংবাদ’-এ প্রকাশ করেন খায়রুল ইসলাম ফকির। এতে তাঁর ওপর ক্ষিপ্ত হন আসাদুজ্জামান কিরণ।
গত ২ মার্চ নজরুল ইসলাম বাদী হয়ে আসাদুজ্জামান কিরণসহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এর তিন দিন পর ৫ মার্চ কিরণের বোন আনুরা বাদী হয়ে একটি পাল্টা মামলা দায়ের করেন। সেই মামলায় সাংবাদিক খায়রুল ইসলাম ফকিরকে প্রধান আসামি করে ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়। পরিবারের দাবি, বিত্তশালী কিরণ পুলিশকে প্রভাবিত করে সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে খায়রুলকে এই মামলায় জড়িয়েছেন।
গত ৯ মার্চ খায়রুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে তিনি কারাবন্দী।
সংবাদ সম্মেলনে সাংবাদিকের স্ত্রী খোশনাহার আক্তার (৩৩) বলেন, “আমার স্বামী ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না। কেবল সংবাদ প্রকাশের অপরাধে তাঁকে অপরাধী বানানো হয়েছে।”
বাবার অপেক্ষায় দিন কাটছে নবম শ্রেণি পড়ুয়া কন্যা নিপু, তৃতীয় শ্রেণির ছাত্র নাঈম ও পাঁচ বছরের শিশু হুমায়ুনের।
সত্তরোর্ধ্ব মা নূরজাহান বলেন, “আমার ছেলে নির্দোষ। সত্য লিখে যদি তাঁকে জেলে যেতে হয়, তবে আমরা বিচার পাব কার কাছে?”
ভুক্তভোগী পরিবারটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা থেকে খায়রুলের নাম প্রত্যাহার এবং অবিলম্বে তাঁর মুক্তির জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.