কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান-এ দেশের সবচেয়ে বড় ঈদ জামাত আয়োজনের লক্ষ্যে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের মতো এবারও এখানে লাখো মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
ঈদগাহ ময়দানকে আকর্ষণীয় ও উপযোগী করে তুলতে ইতোমধ্যে ধোয়ামোছা, রং করা এবং প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ হয়েছে। ১৯৯তম বৃহৎ এই ঈদ জামাতে মুসল্লিরা যেন নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন, সে জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
মুসল্লিদের যাতায়াত সহজ করতে রেলওয়ের পক্ষ থেকে ময়মনসিংহ ও ভৈরব থেকে দুটি বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার ড. এস এম ফরহাদ জানান, মুসল্লিদের নিরাপত্তায় চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ ছাড়াও র্যাব, এপিবিএন এবং পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর এবং ড্রোনের মাধ্যমে পুরো এলাকা নজরদারিতে রাখা হবে।
সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, এবার প্রায় ৬ লাখ মুসল্লির সমাগমের প্রস্তুতি রাখা হয়েছে। সকাল ১০টায় ঈদের জামাত শুরু হবে এবং ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.