নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় আগ্নেয়াস্ত্রসহ হত্যা মামলার প্রধান আসামি আলমগীর হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ১৬৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটারগান) উদ্ধার করা হয়।
আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে পরে বিকেলে গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে রায়পুরা থানা পুলিশ।
এর আগে শুক্রবার ভোর রাতে উপজেলার জঙ্গী শিবপুর বাজার এলাকায় রায়পুরা থানা পুলিশি অভিযানে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামি, আলমগীর হোসেন (৩৭) উপজেলার জঙ্গী শিবপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৬ মার্চ) রাতে
রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিউল্লাহ শিকদারের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সদস্যরা অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জঙ্গী শিবপুর বাজারে নুরু মিয়ার সোয়ামিলের সামনে ইটের রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার দেহ তল্লাশি করে ১৬৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটারগান) উদ্ধার করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আলমগীর হোসেনের বিরুদ্ধে রায়পুরা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
উলেখ্য, উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর এলাকায় মুদি ব্যবসায়ী মানিক মিয়া (৬৫)গত ১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মানিক মিয়া ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন স্থানীয় বাজারে মুদি ব্যবসা পরিচালনা করতেন। নিহতের স্বজনদের করা মামলায় আলমগীর ছিলেন ১ নম্বর আসামি।