মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ছাত্র সমাজের আয়োজনে ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ-এর মেধাবী শিক্ষার্থী নুরুল্লাহ শাওন হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে গ্রেফতার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ২টায় কটিয়াদী কলা মহাল দরগা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কটিয়াদী সরকারি কলেজের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় লোকজন অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, নিহত শাওনের চাচা সাজেদুল ইসলাম সেলিম, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাইম, জাতীয় নাগরিক পার্টির নেতা আবদুল্লাহ আল রোমান, ডেন্টিস্ট আফজাল হোসেন, ছাত্রনেতা রায়হানুল ইসলাম রানা, জুয়েল আহমেদ, এইচ এম বাশার, আবুল কাশেম রোকন ও শাকিল খান প্রমুখ।
উল্লেখ্য, নিহত শাওন আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ-এর রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়া কোনাপাড়া গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। গত বুধবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে জয়নুল আবেদীন পার্ক এলাকায় ঘুরতে গিয়ে তিনি ছিনতাইকারীদের হামলার শিকার হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন পর শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ব্রহ্মপুত্র নদ-এর চরে তার মরদেহ উদ্ধার করা হয়।
বক্তারা বলেন, শাওনের মতো একজন সম্ভাবনাময় তরুণের হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার জন্য অপূরণীয় ক্ষতি। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.