রমজান আলী জুয়েল,
বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করায় বেলাবো উপজেলা প্রশাসনকে অভিনন্দন জানিয়েছে বেলাবো প্রেসক্লাব।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ অভিনন্দন জানানো হয়। প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাবো থানা অফিসার ইনচার্জ এস এম আমানউল্লাহ, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল করিম নান্নু, জনস্বাস্থ্য প্রকৌশলী এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য দুলাল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হাসান রজনী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রমজান আলী জুয়েল, দপ্তর সম্পাদক আলী হোসেন, সদস্য মোঃ দিদার হোসেন পিন্টু, মোঃ এমাদ মিয়া, মোঃ বাদল মিয়া, শাহিনুর আক্তারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে মোশারফ হোসেন নিলু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট প্রশাসনকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। তিনি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের তৎপরতার প্রশংসা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নির্বাচন চলাকালে সাংবাদিকরা সঠিকভাবে পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেছেন। ভবিষ্যতেও প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।