স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের ৬টি আসনের মোট ভোটকেন্দ্রের প্রায় ৭৫ শতাংশ ভোটকেন্দ্রকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবার ৯১৩ টি ভোটকেন্দ্র রয়েছে। যার মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ২৩৮টি ও ঝুঁকিপূর্ণ ৩৭৪টি ভোটকেন্দ্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, পূর্বের সহিংসতার অভিজ্ঞতা এবং ভৌগোলিক অবস্থানের কারণে অধিকাংশ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। বিশেষ করে কয়েকটি উপজেলায় পরিস্থিতি বাড়তি নজরদারির দাবি করছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বাড়ানোসহ কেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
সূত্র জানায়, কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের মোট ভোটার সংখ্যা ২৭ লক্ষ ২৭ হাজার। এর মধ্যে মোট পুরুষ ভোটার ১৩ লক্ষ ৯৪ হাজার ১৮৫ জন, মোট নারী ভোটার ১৩ লক্ষ ৩২ হাজার ৭৮৭ জন ও তৃতীয় লিঙ্গের মোট ভোটার ২৮ জন। পোস্টাল ব্যালটে রেজিস্ট্রেশনকারী ভোটার সংখ্যা ২৮ হাজার ৫৩৭ জন।
রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোসহ সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। এ ছাড়াও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশের বডি-ওর্ন ক্যামেরা থাকবে। সেনাবাহিনী থাকবে ১৫৭৩ জন, বিজিবি ২০ প্লাটুন ৩০ জন করে, র্যাব ১৩০ জন থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য, আনসার থাকবে।
পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশ অন্যান্য বাহিনীর সদস্যদের নিয়ে প্রস্তুত আছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, কিশোরগঞ্জের ৬টি আসনেই ৫ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহনযোগ্য ও অংশগ্রহণমূলক করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.