নূর আহাম্মদ পলাশ
কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষককে সম্মান জানাতে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি ‘গভমেন্ট হাই স্কুল’ নামেও পরিচিত এবং বর্তমানে দুই শিফটে পরিচালিত হচ্ছে। কিশোরগঞ্জ জেলার মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় প্রতিষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম আব্দুল্লাহ, উপ-পরিচালক (অবসরপ্রাপ্ত), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চল। বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আকবর আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা বেগম।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বক্তব্যে শিক্ষকবৃন্দ নবীনদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে বিদায়ী শিক্ষককে তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়।
বক্তারা বলেন, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে বহু শিক্ষার্থী দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যা বিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। শেষে বিদায়ী অতিথির হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও শিক্ষাজীবনের গুরুত্ব উপলব্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.